গুজব ঠেকাতে মাঠে নামছে এক লাখ অনলাইন অ্যাক্টিভিস্ট

৫ নভেম্বর, ২০২১ ২০:৪১  
গুজব ঠেকাতে এক লাখ কর্মীকে প্রশিক্ষণ দিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে মাঠে নামাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি । এই অ্যাক্টিভিস্টদের সমন্বয়ে তৈরি করা একটি সক্রিয় প্লাটফর্ম। এজন্য ইতোমধ্যেই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগসহ সারা দেশের আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিয়ে ৭০টি প্রশিক্ষণ কর্মশালা করেছে এই উপকমিটি। এখন চলছে জেলা পর্যায়ে ১০ হাজার মাস্টার ট্রেইনার তৈরির কাজ। এই মাস্টার ট্রেইনারদের দ্বারা তৃণমূল পর্যায় পর্যন্ত এক লাখ অনলাইন এক্টিভিস্ট তৈরি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। তিনি জানিয়েছেন, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যাতে গুজব বা অপপ্রচার চালাতে না পারে সেজন্য দলের প্রশিক্ষিত অনলাইন এক্টিভিস্টরা কাজ করবে। সূত্রমতে, সেপ্টেম্বরের ১১ তারিখে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত থানার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত হয় ৭০তম প্রশিক্ষণ কর্মশালা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কৌশল’ শীর্ষক ওই কর্মশালায় সার্বিক সহযোগিতা করে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।